
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার দলীয় প্রতীকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানান, আগের মতো স্বতন্ত্র নয়, বরং একটি রাজনৈতিক দলের সঙ্গে থেকে সংগঠিতভাবে কাজ করতে চান।
হিরো আলম বলেন, দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করা তার জন্য নতুন অভিজ্ঞতা হবে। এর মাধ্যমে তিনি নিজের পরিকল্পনা আরও শক্তভাবে মানুষের সামনে তুলে ধরতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
তবে এখনো তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন—কোন এলাকা থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিষয়টি নিয়ে তিনি ভাবছেন এবং সময়মতো সিদ্ধান্ত জানাবেন বলে জানান।
নির্বাচন সামনে রেখে প্রস্তুতিও শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো, তাদের সমস্যার কথা জানা এবং সম্ভাব্য সমাধানের পরিকল্পনা তৈরির কাজ চলছে। খুব শিগগিরই বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করবেন বলেও জানান।
কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেবেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে। জনগণের আস্থা অর্জন এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি এ উদ্যোগ নিচ্ছেন।
উল্লেখ্য, এর আগে তিনি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত সে নির্বাচনে অংশগ্রহণ করেননি।
© All rights reserved © 2023
Leave a Reply