
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক ব্যক্তি ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন।
রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার নিতপুর সীমান্তের দিয়ারাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন ভারতের মালদা জেলার হবিবপুর থানার কাঁঠালবানপুর গ্রামের মতিলাল (৩১)। তিনি নাইকি মুর্মুর ছেলে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৩০/১৬-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মতিলালকে আটক করে।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বাংলাদেশে থাকা দালাল চক্রের সদস্যদের মোবাইল নম্বর সংগ্রহের উদ্দেশ্যেও তিনি এসেছিলেন বলে বিজিবিকে জানান।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আমির উদ্দীন বাবু
উপজেলা প্রতিনিধি
পোরশা নওগাঁ
মোবা০১৭১৯১৬৬১৩৯
তাং২৯/১১/২০২৬
© All rights reserved © 2026
Leave a Reply