1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার - Stbanglatv.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের আগে পাঁচজনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ লম্বরীঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীদের একটি সন্দেহজনক নৌকা সমুদ্রে ফিরে যায়। ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে যায় বলেও জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ লম্বরীঘাট এলাকায় মানব পাচারের প্রস্তুতির খবর পায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। পরে ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে টহল দল লম্বরীঘাট এলাকায় ১৫ থেকে ২০ জনকে অবস্থান করতে দেখে। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে থাকলে বিজিবি সেটিকে ধাওয়া করে। একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকাটি আবার সমুদ্রে চলে যায়। একই সময় ঘাটে অপেক্ষমাণ ৫ থেকে ১০ জন ব্যক্তি রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, তাঁদের জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী এলাকার মো. জাহিদুল ইসলাম (২৫) ও মো. রাকিব হাসান (২২), একই জেলার সদর উপজেলার পোড়াখালী এলাকার মো. আব্দুল্লাহ হোসেন (৪৫), রামু উপজেলার গর্জনিয়া এলাকার মো. আব্দুল গফুর (২১) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী এলাকার মো. রিদুয়ান মিয়া (১৯)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, মানব পাচার ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান কঠোর। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার পাঁচজনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি