
কৃষির আধুনিকায়ন ও খাদ্য নিরাপত্তায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে (ইবিএইউবি) জাতীয় কৃষি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্ণাঢ্য র্যালি, কৃষি সামগ্রী প্রদর্শনী, খাবারের স্টল এবং ধান কর্তন কর্মসূচির আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দিনের শুরুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার অন্যতম প্রধান ভিত্তি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, কৃষকের অক্লান্ত পরিশ্রমে দেশের খাদ্য উৎপাদন সচল রয়েছে। তাই কৃষকের অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। পাশাপাশি কৃষির উন্নয়নে নতুন প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও গবেষণার প্রসার ঘটাতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, কৃষির প্রতি তরুণদের আগ্রহ বাড়ানো এবং পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব কৃষিকাজের অভিজ্ঞতা অর্জন অত্যন্ত জরুরি। কৃষিকে লাভজনক, আধুনিক ও টেকসই খাতে পরিণত করতে শিক্ষার্থী, গবেষক, কৃষক ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বক্তব্য শেষে তিনি র্যালিতে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান এবং কৃষি সামগ্রী প্রদর্শনী ও খাবারের স্টলের উদ্বোধন ঘোষণা করেন। পরে ধান কর্তন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের কৃষিকাজের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং কৃষির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়।
উল্লেখ্য, জাতীয় কৃষি দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে কৃষির গুরুত্ব, কৃষকের অবদান এবং দেশের কৃষি উন্নয়নে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।
© All rights reserved © 2026
Leave a Reply