
এনামুল হক নাসিম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন দোকান থেকে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের পিটিআই মোড়ে শিবতলা থেকে আরামবাগ স্বপ্নপুরী মোড় এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় দুটি ওয়ার্ডের বাসিন্দা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দুলাল আলী, একই ওয়ার্ডের শামীম হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার বিভিন্ন দোকানে গিয়ে চাঁদা দাবি ও আদায় করা হচ্ছে। এতে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। চাঁদাবাজি, মাদকদ্রব্যের অপব্যবহারসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছেন। বক্তারা বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা জরুরি। কোনো অপরাধী যেন অপরাধ করে পার পেয়ে না যায়, সে জন্য প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তাঁরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে মানববন্ধন শেষ করেন তাঁরা।
© All rights reserved © 2026
Leave a Reply