
মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইল-লোহাগড়া মহাসড়কের এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় একদল যুবক মোটরসাইকেলে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ আগস্ট দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটের দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় আসে। তারা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে উচ্চস্বরে স্লোগান দিতে থাকে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্লোগান ও আগুনের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে ওই যুবকেরা দ্রুত মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যায়। পালিয়ে যাওয়ার সময়ও তারা স্লোগান দিতে থাকে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, ১৫ আগস্টকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তারা। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছরে নড়াইল জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের ঝটিকা মিছিল, সড়ক অবরোধ ও নাশকতার ঘটনা ঘটলেও অনেক ঘটনার কার্যকর প্রতিকার হয়নি। নাশকতার মামলার আসামিদের কেউ কেউ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
এদিকে স্থানীয়দের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে, যদি কোনো ব্যক্তি নাশকতার মামলায় অভিযুক্ত হয়ে থাকেন, তাহলে আইনগত অবস্থান অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না। একই সঙ্গে রাতের বেলায় মহাসড়কে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নড়াইল-লোহাগড়া মহাসড়কে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার দাবি উঠেছে।
Leave a Reply