
মোঃ রোমান আহমেদ সানী,ভৈরব উপজেলা প্রতিনিধি
লোকসংগীতশিল্পী পেহেলি ভৈরবী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সিলেটে একটি গানের অনুষ্ঠান শেষে বাবাকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হন তার বাবা। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, অনুষ্ঠান শেষে স্লিপার বাসে বাড়ি ফিরছিলেন পেহেলি ভৈরবী। বাবা-মেয়ে বাসের সামনের স্লিপার সিটে পাশাপাশি বসেছিলেন। পথেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান পেহেলি ভৈরবী। আহত অবস্থায় তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মাত্র কিছুক্ষণ আগেও মঞ্চে লোকসংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছিলেন পেহেলি ভৈরবী। তার প্রাণবন্ত পরিবেশনা ও সুরেলা কণ্ঠে মুগ্ধ ছিলেন অসংখ্য শ্রোতা। সেই কণ্ঠই সড়ক দুর্ঘটনার নির্মমতায় চিরতরে স্তব্ধ হয়ে গেল।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহশিল্পী ও ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন অসংখ্য মানুষ। অনেকেই স্মরণ করছেন তার গান, শিল্পীসত্তা এবং বিনয়ী ব্যক্তিত্বকে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো জানা যায়নি। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।
Leave a Reply