
কিশোরগঞ্জ প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে তাঁর প্রথম কিশোরগঞ্জ সফর। সফরকালে তিনি মাছের পোনা অবমুক্ত করবেন এবং জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ মৎস্য উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।
রোববার (২৬ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কটিয়াদী উপজেলার কলেজ মাঠ, লোহাজুড়ী ও আচমিতা এলাকায় অনুষ্ঠানের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
পরে সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, জাতীয় মৎস্য সপ্তাহের মূল আয়োজনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী কটিয়াদীতে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কটিয়াদীসহ পুরো কিশোরগঞ্জ জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply