
সজীব ঢালী স্টাফ রিপোর্টার
বয়সকে বাধা না মেনে ৫০ বছর বয়সে নবম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন বেলায়েত শেখ। দীর্ঘ নয় বছরের শিক্ষাযাত্রা শেষে ৫৯ বছর বয়সে তিনি অনার্স ডিগ্রি অর্জন করেছেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা বেলায়েত শেখ স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
দীর্ঘদিন পড়াশোনার বাইরে থাকার পর ২০১৭ সালে আবার শিক্ষাজীবনে ফেরার সিদ্ধান্ত নেন বেলায়েত। সে সময় তাঁর বয়স ছিল ৫০ বছর। অপূর্ণ শিক্ষাজীবনের স্বপ্ন পূরণের লক্ষ্যেই তিনি ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হন।
নিয়মিত পড়াশোনার মাধ্যমে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এরপর উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে ২০২১ সালে এইচএসসি পরীক্ষায়ও পাস করেন।
এসএসসি ও এইচএসসি পাসের পর উচ্চশিক্ষার স্বপ্ন আরও দৃঢ় হয় বেলায়েতের। তিনি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও অংশগ্রহণ করেন তিনি।
পরে ২০২২ সালে স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান বেলায়েত শেখ।
বিশ্ববিদ্যালয়ে তাঁর অধিকাংশ সহপাঠী বয়সে অনেক ছোট হলেও বিষয়টিকে কখনো বাধা হিসেবে দেখেননি তিনি। নিয়মিত ক্লাস করা, অ্যাসাইনমেন্ট সম্পন্ন করা ও পরীক্ষায় অংশ নেওয়ার পাশাপাশি তাঁকে সামলাতে হয়েছে পারিবারিক দায়িত্ব ও আর্থিক সীমাবদ্ধতাও।
নানা প্রতিকূলতার মধ্যেও লক্ষ্য থেকে সরে দাঁড়াননি তিনি। দীর্ঘ শিক্ষাবিরতির পর নতুন করে শুরু করা সেই পথচলার প্রায় নয় বছর পর অনার্স ডিগ্রি অর্জন করলেন বেলায়েত শেখ।
অনার্স পাসের অনুভূতি জানাতে গিয়ে বেলায়েত শেখ বলেন, ‘শিক্ষার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। জীবনে নানা প্রতিবন্ধকতা আসতে পারে, কিন্তু লক্ষ্য স্থির রেখে চেষ্টা ও পরিশ্রম চালিয়ে গেলে সাফল্য অর্জন করা সম্ভব।’
বয়সের কারণে যাঁরা পড়াশোনা থেকে দূরে রয়েছেন, তাঁদের আবার শিক্ষার পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।
বেলায়েত শেখের এই সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর ব্যতিক্রমী শিক্ষাযাত্রা নিয়ে প্রশংসা ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
৫০ বছর বয়সে নবম শ্রেণিতে ভর্তি হয়ে ৫৯ বছর বয়সে অনার্স ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে বেলায়েত শেখ দেখিয়েছেন—স্বপ্ন পূরণের পথে বয়স নয়, ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ই সবচেয়ে বড় শক্তি।
© All rights reserved © 2026
Leave a Reply