
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাকায় ঝিনাই নদীতে অবৈধ চায়না জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে সোমবার সকাল ১১টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ৯০০ মিটার অবৈধ চায়না (চায়না দুয়ারী) জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, মো. নাজমুল হক এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট চলাকালে ঝিনাই নদীতে তল্লাশি চালিয়ে প্রায় ৯০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীতে মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে অবৈধ চায়না জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
© All rights reserved © 2023
Leave a Reply