
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে হামের (Measles) প্রাদুর্ভাব এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল সূত্রে স্বাস্থ্য বিভাগ ২১ জুন ২০২৬ তারিখ পর্যন্ত হামের সর্বশেষ পরিস্থিতির তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত জেলায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ১,৫৫২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন এবং কাউকে রেফার্ড করা হয়নি। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ১৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং শিবগঞ্জ, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী ভর্তি নেই। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২০৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৪৩ জনের রিপোর্টে হাম পজিটিভ এসেছে। এদিকে, জেলায় এ পর্যন্ত সন্দেহ জনকভাবে হামে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যুর তথ্য স্বাস্থ্য বিভাগের কাছে রয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে শিশুদের নিয়মিত টিকা গ্রহণ এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তাই অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply