
হুমায়ুন রশিদ জুয়েল, করিমগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর ইউনিয়নের রৌহা এলাকায় উৎসবমুখর পরিবেশে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
শুক্রবার (১২ জুন) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত রৌহা নোয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে দুই ধাপে মোট চারটি দল অংশগ্রহণ করে। প্রথম খেলায় মুখোমুখি হয় রুকন ভান্ডারি একাদশ ও কাজল এন্ড মীজান একাদশ। দ্বিতীয় খেলায় অংশ নেয় রৌহা মধ্যপাড়া একাদশ এবং রাজ মিস্ত্রি একাদশ।
খেলার প্রধান আয়োজক ছিলেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে নেয়ামতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী অঞ্জু মিয়া। তিনি খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে বক্তব্যে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রুকন উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি এরশাদুল হক, বিশিষ্ট সমাজসেবক ফায়েজ উদ্দিন এবং মুশফিকুর রহমান মাসুম।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন তুফায়েল আহমেদ ফকির এবং রেফারির দায়িত্ব পালন করেন রেজাউল করিম সজল।
আয়োজকরা জানান, এলাকার যুবসমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়াচেতনা বিকাশের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। স্থানীয় দর্শকরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের দাবি জানান।
© All rights reserved © 2023
Leave a Reply