
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাদক মামলার তদন্তে ত্রুটি নিরসন, আসামিদের দ্রুত জামিন ও খালাসের কারণ চিহ্নিতকরণ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও প্রসিকিউশনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে ‘মাদক মামলার ত্রুটি নিরসন ও প্রসিকিউশনের সমন্বিত করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সেমিনারে বক্তারা এসব বিষয়ে গুরুত্ব দেন। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট ও ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. জহির জামান (জনি)। তিনি মাদক মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় আইনি ত্রুটি চিহ্নিতকরণ, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ এবং মামলার নথিপত্র যথাযথভাবে প্রস্তুতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মামলার দুর্বলতা দূর করে অপরাধীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি মাদকবিরোধী অভিযানের পাশাপাশি দায়ের করা মামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রসিকিউশনের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি আরও বলেন, মাদক মামলায় যথাযথ তদন্ত, আইনি বিধান অনুসরণ, প্রয়োজনীয় আলামত ও সাক্ষ্য-প্রমাণ সংরক্ষণ এবং আদালতে সঠিকভাবে উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তে আইনি ও প্রযুক্তিগত ত্রুটি থাকলে মামলার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তাই মামলার দুর্বলতা চিহ্নিত করে তা নিরসন এবং বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।সেমিনারে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ও ক-সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে খ-সার্কেল) মো. রফিকুল ইসলাম, ক-সার্কেলের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান, উপপরিদর্শক মামুনুর রশিদসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে মাদক মামলার কার্যকর তদন্ত, ত্রুটি নিরসন এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
© All rights reserved © 2023
Leave a Reply