
এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে ডিআইজি মোঃ আশিক সাঈদ বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে জেলার সব পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের মোতায়েনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের সবাইকে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল), সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), সদর মডেল থানার অফিসার ইনচার্জ, বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি প্রণব কুমার পাল ও সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পাল, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনের মাধ্যমে পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা এবং উৎসবকে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও সম্প্রীতিপূর্ণ রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
© All rights reserved © 2023
Leave a Reply