
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বিশিষ্ট সাংবাদিক, মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি এবং হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ রাজা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার ঠাডাকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুর্ঘটনার পর তিনি নিজেই সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিক এক্স-রে করানো হলে তার বাম হাতের কবজি এবং ডান বাহুর উপরের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাকে দ্রুত কিশোরগঞ্জে বিশেষায়িত অর্থোপেডিক চিকিৎসকের কাছে নেওয়া হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসানের আন্তরিক সহযোগিতায় দ্রুত চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। পরে অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মাইনুল হাসান আহত সাংবাদিক মাহফুজ রাজার হাতে প্লাস্টার করেন এবং দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।
বর্তমানে তিনি শঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার সম্পূর্ণ সুস্থতার জন্য অস্ত্রোপচার প্রয়োজন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যেই তার অপারেশন সম্পন্ন করা হবে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাসপাতালে ছুটে আসেন। এ সময় হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম বুলবুল, সাংগঠনিক সম্পাদক শামীম সরকার ও তৌহিদুল ইসলাম সরকার, আকিল উদ্দিন, লেখক ও কলামিস্ট মিজানুর রহমান মামুনসহ অনেকে তার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
সাংবাদিক মাহফুজ রাজার সুস্থতা কামনা করে তার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সকলের কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সবার দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসবেন—এমন প্রত্যাশা সকলের।
© All rights reserved © 2023
Leave a Reply