
আব্দুল লতিফ সরকার, লালমনিরহাট প্রতিনিধিঃ
মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। বুধবার (৪ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বোয়ালমারী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী গ্রামে মো. আশাদুল হক (৪৬) নামের এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ধৃত আসামির দেখানো মতে তার বাড়ির পাশের ফসলি জমিতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গ্রেফতারকৃত আশাদুল হক (৪৬), পিতা—মো. লালচান মিয়া, মাতা—আছফুল বেগম, সাং—বোয়ালমারী, থানা ও জেলা—লালমনিরহাট। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে দীর্ঘদিনের মাদক কারবারি বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
র্যাব জানায়, আশাদুল হক জেলার বিভিন্ন এলাকা থেকে অজ্ঞাতনামা সরবরাহকারীদের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে কৌশলে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। মাদক পরিবহনে তিনি অভিনব পদ্ধতি ব্যবহার করতেন, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো যায়। গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি বাড়িয়ে তার গতিবিধি পর্যবেক্ষণ করে এই অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানায়, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলে মাদকের বিস্তার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল এ অভিযানের প্রশংসা করে মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
© All rights reserved © 2026
Leave a Reply