
নিজস্ব প্রতিবেদক
কোনো শিক্ষক সরকারি বিধিমালা অমান্য করে অন্য পেশায় যুক্ত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন কিংবা অন্য কোনো সূত্রে অভিযোগ এলে সংশ্লিষ্ট বিষয় যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পূর্ণ সময় ও মনোযোগ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে দিতে হবে। সরকারি নিয়ম লঙ্ঘন করে কেউ অন্য পেশায় সম্পৃক্ত হলে তা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে। আইনের ঊর্ধ্বে কেউ নন বলেও তিনি মন্তব্য করেন।
সভায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply