
মোঃ ইউসুফ শেখ, ফুলতলা (খুলনা)
খুলনার ফুলতলা উপজেলার আফিলগেট বাজারে সন্ত্রাসীদের গুলিতে আরিফুর রহমান সোহেল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা আনুমানিক ৩টার দিকে অত্যন্ত জনাকীর্ণ এই বাজারে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আরিফুর রহমান সোহেল আটরা শেখপাড়া গ্রামের মৃত মিজানুর রহমান বাচ্চুর পুত্র। তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিনি আওয়ামী লীগের রাজনীতির সমর্থক ছিলেন এবং অভয়নগর উপজেলার সিদ্দিপাশায় তাঁর মাছের ঘেরের ব্যবসা রয়েছে।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে একটি নীল রঙের (এফ জেড ৪ ভি) মোটরসাইকেলে করে দুই যুবক আফিলগেট বাজারের ‘বিসমিল্লাহ অটো’ নামক দোকানের সামনে এসে থামে। মোটরসাইকেল আরোহী দুজনেই হেলমেট ও মাস্ক পরিহিত ছিলেন। তারা দোকানে বসে থাকা সোহেলকে লক্ষ্য করে খুব কাছ থেকে বুকে ও মাথায় গুলি করেন। মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে খুলনার দিকে পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা ছুটে এসে সোহেলকে রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। স্থানীয়দের দাবি, সকাল থেকেই ওই সন্দেহভাজন দুই যুবককে এলাকায় কয়েকবার মোটরসাইকেলে ঘোরাঘুরি করতে দেখা গেছে।
খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছে।
ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম জানান:
“এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত সোহেলের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই হত্যাকাণ্ডের পর পুরো আফিলগেট এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply