
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে আর্তমানবতার সেবায় আন্তর্জাতিক দাতব্য সংস্থা উম্মাহ চ্যারিটি লালমনিরহাটে এক হাজার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ব্যাপক খাদ্য সহায়তা বিতরণ করেছে। সংস্থাটির বিশেষ পুষ্টি সহায়তা প্রকল্প Nourrir–এর আওতায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলার বিভিন্ন গ্রামের অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবার নির্বাচন করে তাদের হাতে তুলে দেওয়া হয় রমজান উপযোগী নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ২ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা (বুট), ১ কেজি খেসারির ডাল, ১ কেজি খেজুর, ১ কেজি সেমাই, ১ প্যাকেট গুঁড়া দুধ, ১ প্যাকেট বিস্কুট এবং ৫ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের চেয়ারম্যান আকলিমা মজুমদার, প্রজেক্ট ম্যানেজার শাহপরান, সেক্রেটারি ইমরান হোসেনসহ সংস্থার স্থানীয় সমন্বয়ক ও স্বেচ্ছাসেবীরা। তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নআয়ের মানুষের খাদ্যসংকট তীব্রতর হয়েছে। রমজানের আগে কোনো পরিবার যাতে অভুক্ত না থাকে, সে লক্ষ্যেই এই খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সংস্থাটি দীর্ঘদিন ধরে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে খাদ্য, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশেও তারা নিয়মিতভাবে এতিম সহায়তা, খাদ্য বিতরণ এবং জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বলে আয়োজকরা জানান।
খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়। মোগলহাট এলাকার এক নারী উপকারভোগী বলেন, “রমজানের আগে এত খাবার একসঙ্গে কখনো পাইনি। কয়েক সপ্তাহ পরিবারের খাবারের চিন্তা কমে গেল।”
স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে তালিকা অনুযায়ী পরিবারগুলোর মাঝে খাদ্য বিতরণ করেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ভিড়ের সৃষ্টি না হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য পুষ্টি সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যভিত্তিক প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে মানবিক সহায়তার এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
রমজানকে কেন্দ্র করে এই মানবিক কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
© All rights reserved © 2023
Leave a Reply