
শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া: পবিত্র রমজান মাসকে সামনে রেখে চড়া বাজারদর নিয়ন্ত্রণ ও গুণগত মান নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের খেজুরের দোকানগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের অন্যতম বাণিজ্যিক এলাকা মসজিদ রোড এবং কোর্ট রোড সংলগ্ন বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এই তদারকি কার্যক্রম চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখার আলম রিজভী।
অভিযান সূত্রে জানা গেছে, বাজারে খেজুরের দাম নিয়ে সাধারণ ক্রেতাদের পক্ষ থেকে বেশ কিছু দিন ধরে ব্যাপক অভিযোগ আসছিল। এরই প্রেক্ষিতে আজ সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায়, বেশ কিছু দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না এবং আমদানিকৃত খেজুরের প্যাকেটে জাত ও সঠিক দাম উল্লেখ নেই।
এ সময় ৪টি দোকানে আইন লঙ্ঘনের দায়ে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সহকারী পরিচালক ইফতেখার আলম রিজভী সংবাদ মাধ্যমকে জানান, “রমজানকে কেন্দ্র করে কেউ যাতে খেজুরের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং ভোক্তারা যাতে ন্যায্য মূল্যে সঠিক পণ্যটি পান, তা নিশ্চিত করতেই আমাদের এই অভিযান। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যেন তারা ক্রয় রসিদ সংরক্ষণ করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখেন।”
ভোক্তা স্বার্থ রক্ষায় জেলাজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
© All rights reserved © 2023
Leave a Reply