
শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
আজ (রোববার) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান এসব তথ্য জানান।
তিনি বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।”
নির্বাচনী পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক আরও বলেন, “এখন পর্যন্ত জেলার সার্বিক নির্বাচনী পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। তবে এই পরিবেশ বজায় রাখতে সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।”
উল্লেখ্য, ৪১ বছরের ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে শারমিন আক্তার জাহান জেলার নির্বাচনী এই বিশাল কর্মযজ্ঞ তদারকি করছেন। মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও সক্রিয় রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
© All rights reserved © 2023
Leave a Reply