
আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
নির্বাচনী জনসভায় যোগ দিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এ উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নির্বাচনী জনসভার প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।
তিনি জানান, আগামীকাল সকাল ৯টা থেকে কটিয়াদী সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা শুরু হবে। সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জনসভা সফল করতে শৃঙ্খলা বজায় রাখাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।
নির্বাচনী সভায় ১১ দলীয় জোটের শরিক বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। পাশাপাশি জেলার ৬টি সংসদীয় আসনের ১১ জন প্রার্থীও সভায় উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, মিডিয়া ও প্রচার সেক্রেটারি শামসুল ইসলাম সেলিম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে জামায়াত আমিরের আগমন উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) বাদ আসর শহরের শহীদী মসজিদ থেকে একটি স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
© All rights reserved © 2023
Leave a Reply