
মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি
প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের মানুষের জন্য মানসম্মত, কার্যকর ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের শৈথিল্য গ্রহণ করবে না, এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্হ্য বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম। ১৯ জানুয়ারি সোমবার সকালে বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে যুগ্ম সচিব হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাসেবার বাস্তব চিত্র, রোগীদের প্রাপ্ত সুযোগ-সুবিধা, ওষুধ সরবরাহ, জনবল পরিস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। কোথাও কোনো ঘাটতি বা সীমাবদ্ধতা থাকলে তা দ্রুত সমাধানের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন শেষে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যুগ্ম সচিব স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্পষ্ট ও কঠোর দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। বিশেষ করে পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের জন্য নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। এ লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন এবং দক্ষ জনবল বৃদ্ধি ও প্রশিক্ষণের উদ্যোগ জোরদার করা হচ্ছে।
সভায় লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম হাসপাতালের বিদ্যমান সমস্যা, সীমাবদ্ধতা, প্রয়োজনীয় চাহিদা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা একটি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিতভাবে উপস্থাপন করেন। যুগ্ম সচিব মহোদয় উপস্থাপিত বিষয়সমূহ গভীর মনোযোগের সঙ্গে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও ইনসিটু জুনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স) ডা. এপিএম আব্দুল খালেক, জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিওলজি) ডা. নুর মুহাম্মদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদ, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ উদ্দিন, ডা. জুবাইরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার নিলিমা রানী দে এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিদর্শন শেষে যুগ্ম সচিব লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান সেবাদান কার্যক্রম ও উন্নয়ন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের সময়োপযোগী পদক্ষেপ ও সংশ্লিষ্ট এরদের আন্তরিক প্রচেষ্টায় অচিরেই লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি আদর্শ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপ নেবে।
© All rights reserved © 2026
Leave a Reply