
মোহাম্মদ করিম,লামা–আলীকদম প্রতিনিধি
বান্দরবান জেলার লামা থানাধীন ৫ নম্বর সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বুরাবুইন্যা পাড়া এলাকায় বন আইন লঙ্ঘনের অভিযোগে ডলুছড়ি বনবিভাগ ও কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠসহ একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টার দিকে প্রাপ্ত নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে যৌথ টহল দল সরই ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে অবস্থিত একটি লিচু বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কোনো বৈধ অনুমোদনপত্র, পরিবহন ছাড়পত্র কিংবা মালিকানার বৈধ কাগজপত্র ছাড়াই বনজ সম্পদ পরিবহনরত অবস্থায় একটি মালিকবিহীন পিকআপ গাড়ি আটক করা হয়।
পরবর্তীতে গাড়িটি তল্লাশি চালিয়ে অবৈধভাবে কর্তিত মোট ২২ ফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এসব সেগুন কাঠ সংরক্ষিত বনাঞ্চল বা রাষ্ট্রীয় বনভূমি থেকে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। জব্দকৃত কাঠ ও পিকআপ গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৪৪ হাজার টাকা বলে বনবিভাগ জানিয়েছে।
অভিযানকালে গাড়িটির কোনো চালক, মালিক বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। বনবিভাগের মতে, এটি অপরাধ সংঘটনের পর সংশ্লিষ্টদের পলায়নের স্পষ্ট আলামত। উদ্ধারকৃত কাঠের বৈধ উৎসের পক্ষে কোনো ধরনের দলিলাদি উপস্থাপন করতে না পারায় বাংলাদেশ বন আইন অনুযায়ী কাঠসহ পিকআপ গাড়িটি জব্দ করে ডলুছড়ি রেঞ্জের অধীন সরই বিট কর্মকর্তার কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে ডলুছড়ি রেঞ্জের সরই বিট কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি সংঘবদ্ধ বন অপরাধ হিসেবে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বন আইন, ১৯২৭ (সংশোধিত) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বনবিভাগ আরও জানিয়েছে, রাষ্ট্রীয় বনসম্পদ সংরক্ষণ এবং অবৈধ কাঠ কর্তন ও পাচার রোধে এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বন আইনের আওতায় অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
© All rights reserved © 2026
Leave a Reply