
সাইফুল ইসলাম এর প্রতিবেদনে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হেনাকে আর্থিক অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা এবং নানা অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৭ জুলাই তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
জানা যায়, ধর্মপাশা উপজেলার গাবী গ্রামের বাসিন্দা মো. আবু হেনা দীর্ঘ কর্মজীবনে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় নানামুখী অভিযোগের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে ২০০৭ সালে, কালারুকা ইউনিয়নের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ে। ওই সময় দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় গণিত ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। অভিযোগের পর তিনি ক্ষমা চেয়ে অন্যত্র বদলি হয়ে যান।
পরবর্তী সময়ে আজমত আলী উচ্চ বিদ্যালয়ে যোগদান করলেও সেখানে স্থানীয়দের সঙ্গে বিরোধে জড়ান অনিয়মের অভিযোগে। এরপর মল্লিকপুর এস.সি.এস.ডি.পি উচ্চ বিদ্যালয়ে বদলি হয়ে আবারও নিয়োগ বাণিজ্যের অভিযোগে সমালোচিত হন তিনি। একতা উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন সময় আর্থিক অনিয়মের দায়ে তৎকালীন ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলের হাতে লাঞ্ছনার শিকার হন।
সর্বশেষ তিনি জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে আরও গুরুতর অভিযোগের মুখোমুখি হন। তার বিরুদ্ধে টিউশন বাণিজ্য, বিদ্যালয়ের গাছ বিক্রি, ভুয়া এজেন্ট ও ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, জেলা পরিষদ এবং স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দকৃত অনুদান আত্মসাৎ করার মতো গুরুতর অভিযোগ ওঠে।
এসব অভিযোগের ভিত্তিতে উপজেলার লক্ষণসুম গ্রামের বাসিন্দা দীন মোহাম্মদ সাদিক গত ৫ ফেব্রুয়ারি ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ১০ ফেব্রুয়ারি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় ইউএনও তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
তদন্ত চলাকালীন সময়ে আবু হেনা অ্যাডহক কমিটির সভাপতির সঙ্গে অসদাচরণ এবং কমিটির সদস্যদের হুমকি দিয়ে বিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করেন বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বর্তমানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দ্বীপন কুমার তালুকদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে মো. আবু হেনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়েছিল এবং আদালত বরখাস্তের আদেশ স্থগিত করেছে বলে তিনি দাবি করেন।
© All rights reserved © 2026
Leave a Reply