
এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে বিপুল পরিমাণ জাল নোটসহ দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন– লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান কান্দি এলাকার মো. জুয়েলের স্ত্রী মোসা. সুমি বেগম (২৫) এবং তার দেবর মো. মার্শাল (২০), পিতা মো. তাজউদ্দিন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় গজারিয়া এলাকায় জাল টাকা লেনদেন হচ্ছে। তাৎক্ষণিকভাবে এসআই আবু ইউসুফ, এসআই মফিজুল ইসলাম ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১০০টি এবং ৫০০ টাকার ৩০টি জাল নোটসহ মোট ১ লাখ ১৫ হাজার টাকার জাল মুদ্রা উদ্ধার করা হয়। ওসি আরও জানান, আটক দু’জন সম্পর্কে দেবর ও ভাবি। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা পাচার ও বিক্রির সঙ্গে জড়িত। তারা প্রতিটি এক লাখ টাকার জাল নোট মাত্র ২৫ হাজার টাকায় বিক্রি করতেন।
স্থানীয়দের প্রতিক্রিয়া:
ঘটনার পর গজারিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, আটক সুমি ও মার্শাল কিছুদিন ধরেই এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন। তারা প্রায়ই বাইরের লোকজনের সঙ্গে গোপনে যোগাযোগ করতেন।
একজন স্থানীয় মুরুব্বি বলেন, “আমরা কখনো ভাবিনি আমাদের পাড়ার একজন গৃহবধূ এমন অপরাধে জড়িত থাকতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনী যদি সময়মতো ব্যবস্থা না নিত, তাহলে আরও বড় ক্ষতি হতো।”
আরেক যুবক বলেন, “জাল টাকার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে আর কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।”
আটকদের বিরুদ্ধে লালমোহন থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved © 2026
Leave a Reply