
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগে উপজেলা প্রশাসনের ব্যাপক অনিয়ম, দুর্নীতি, লটারীর নামে প্রহসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ও আয়োজনে বাহিরগোলা জামে মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সড়কে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল,মোস্তাক আহমেদ, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জামিউল ইসলাম জমু, নজরুল ইসলাম, রেজাউল করিম, পৌর যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওয়ালিউজ্জামান মন্ডল রিয়াল, সদস্য সচিব হারুন-অর-রশিদ হারুন ও পৌর ছাত্রদলের আহবায়ক আদনান আহমেদ রাজু প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ডিলার নিয়োগ প্রক্রিয়ায় সকল আবেদনকারীর আবেদনপত্র সঠিকভাবে যাচাই-বাছাই না করে ৭ জুলাই দিবাগত রাত ২:৩০ ঘটিকা পর্যন্ত উপজেলা কার্যালয়ে প্রশাসনের সহায়তায় বিএনপি’র তিন চার জন নেতা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য অবস্থান করেছিল। তারই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন লটারীর নামে প্রহসননের মাধ্যমে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি করেছে। তারা এ অনিয়মের তীব্র প্রতিবাদ জানান।
বক্তারা আরো বলেন, ডিলার নিয়োগে অনেকের সংযুক্ত কাগজ পত্র গায়েব করে ঘাটতি দেখানো হয়েছে। ঘাটতি কাগজের বিষয়ে আবেদনকারীকে অবহিত করা হয়নি। বৈধ আবেদন সমূহের সবাইকে লটারির তারিখ বিষয়ে অবগত করা হয়নি। অবৈধ আবেদন সমূহের আবেদনকারীদের কোন বক্তব্য নেয়া হয়নি। একই নামে একাধিক টোকেন দিয়ে লটারি করা হয়েছে। অবৈধ আবেদন সমূহের আবেদনকারীদের যাতে কোন জবাবদিহি না করতে হয় সেজন্য একই দিনে বাতিল ও লটারি করা হয়েছে। ৭ জুলাই তালিকা প্রস্তুত ও স্বাক্ষর করা হলেও ৮ জুলাই নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে এবং ওই দিনেই লটারি করা হয়েছে। যাদের কোন দোকান নেই তাদেরকে ডিলার নিয়োগ করা হয়েছে। ব্যাংকের আর্থিক সচ্ছলতা সনদ যাদের সঠিক নেই এরকম অনেককে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া হাট-বাজার নিলামে ব্যাপক দুর্নীতি করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। বক্তারা সকল প্রকার দুর্নীতির তদন্ত করে জড়িত কর্মকর্তাদের অপসারণসহ পুনরায় স্বচ্ছতার মধ্যে দিয়ে প্রত্যেক আবেদনকারীর উপস্থিতিতে সঠিকভাবে প্রার্থী যাচাই বাছাই করে লটারি মাধ্যমে ডিলার নিয়োগের আহ্বান জানান। উল্লেখ্য একই দাবিতে গত ৯ জুলাই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু কোন কাজ না হওয়ায় আবারও মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এবারে ৪৮ ঘন্টার মধ্যে কোন পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলে জানানো হয়।
© All rights reserved © 2023
Leave a Reply