
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় ব্রম্মপূত্র নদে নৌকা ডুবে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শিশু নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীলা আক্তার (১৭) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। তিনি একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
নিখোঁজ নীহা (৯) নিহতের ছোট বোন। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে নিহত ও নিখোঁজ ব্যত্তির মা নীপাকে (৪০)।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, “নৌকা ডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডুবুরি দল পাঠিয়েছি। উদ্ধার কার্যক্রম চলছে।”
জানা গেছে, ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষায় দক্ষিণ চরটেকি এলাকায় বাঁধ নির্মাণ করা হয়। আকর্ষণীয় ওই স্থান এবং বাঁধ দেখতে প্রতিদিনই ঘুরতে যায় শতশত ভ্রমণ পিপাসু মানুষেরা। আজ শুক্রবার বিকালে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকা থেকে পরিবারের লোকজনের সাথে তারাও ঘুরতে যায়। ঘুরতে গিয়ে নৌকায় ভ্রমণের সময় নৌকাডুবির ঘটনা ঘটে।
© All rights reserved © 2026
Leave a Reply