
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বিপুল মিয়া (৩৮) নামের এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত বিপুলকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রৌমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিপুল। রোববার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম।
অভিযোগে অভিযুক্ত রূপচাঁন মিয়া (৩২) একই এলাকার বাসিন্দা। বিপুল নওদাপাড়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। তিনি নানার বাড়িতে বসবাস করেন।
হাসপাতালে চিকিৎসাধীন বিপুল মিয়া বলেন, রাতে তাঁর বাড়ির ওপর দিয়ে মাদক কারবারিরা যাতায়াত করেন। এতে বাধা দেওয়ায় রূপচাঁন তাঁর ওপর ক্ষুব্ধ হন। শনিবার দুপুরে বাড়ির পাশের জমিতে দিনমজুরের কাজ করার সময় রূপচাঁন তাঁকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিপুলের অভিযোগ, রূপচাঁন তাঁর বিরুদ্ধে ইয়াবা চুরির অভিযোগ তুলে আড়াই লাখ টাকা দাবি করছেন। এর আগেও তাঁকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। স্থানীয় লোকজনের সহায়তায় তিনি ছাড়া পান।
বিপুল বলেন, আমি দিনমজুরের কাজ করে সংসার চালাই। আমাকে চোর অপবাদ দিয়ে মারধর করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2026
Leave a Reply