
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমানের সংগ্রামী জীবনের কাহিনি গণমাধ্যমে প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি-চৌহালী, সিরাজগঞ্জ। সংগঠনটির দুই প্রবাসী সদস্যের পক্ষ থেকে তাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) তেলিপাড়া গ্রামে মুখলেসুর রহমানের বাড়িতে গিয়ে এ অর্থ তুলে দেন ভোলাহাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুবনেতা মো. মিনহাজুল ইসলাম। ৫৬ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমান শৈশব থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনসংগ্রাম করে আসছেন। দৃষ্টিশক্তি হারালেও জীবিকার তাগিদে থেমে থাকেননি তিনি। প্রতিদিন প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে স্থানীয় একটি কাঠকাটা মিলে কাজ করেন। তার অল্প আয়ের ওপরই নির্ভর করে চলে ৭০ বছর বয়সী মা রুলি বেগমের সংসার।
সম্প্রতি মা-ছেলের মানবিক ও সংগ্রামী জীবনের গল্প গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সাড়া ফেলে। এরপর বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় ফ্রেন্ডস্ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি-চৌহালী, সিরাজগঞ্জের দুই প্রবাসী সদস্যের সহযোগিতায় ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে মুখলেসুর রহমান ও তার মা রুলি বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহযোগিতা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং কঠিন সময়ে কিছুটা স্বস্তি এনে দেবে। স্থানীয়রা জানান, দৃষ্টিপ্রতিবন্ধকতা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও মুখলেসুর রহমান দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে নিজের ও মায়ের জীবিকা নির্বাহ করে আসছেন। তার অদম্য ইচ্ছাশক্তি ও সংগ্রামী জীবন সমাজের জন্য অনুকরণীয় এবং মানবিক সহমর্মিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
Leave a Reply