
লিয়াকত হোসেন জনী জেলা প্রতিনিধি টাঙ্গাইল :
দুর্নীতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছেন মধুপুরের ১৮টি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২১ মে) টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ বিএডিসি ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত “টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়” শীর্ষক এক কর্মশালায় তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন।
দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর এ কর্মশালার আয়োজন করে। দিনব্যাপী এ আয়োজনে মধুপুরে কর্মরত ১৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৩৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কর্মশালাটি পরিচালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান। এতে দুর্নীতি প্রতিরোধ ও প্রাতিষ্ঠানিক সেবা নিশ্চিত করতে সুশাসনের বিভিন্ন উপাদান, সুশাসনের ঘাটতি ও তার প্রভাব, টেকসই উন্নয়ন অভীষ্টের লক্ষ্য ও গুরুত্ব, এসডিজি-১৬, তথ্য অধিকার আইন প্রয়োগের কৌশল, বাস্তবায়নের প্রতিবন্ধকতা এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন সনাক মধুপুরের সভাপতি মো. বজলুর রশিদ খান। বক্তব্য দেন সনাক সদস্য সানোয়ার হোসেন, মোঃ লিটন সরকার এবং টিআইবি ঢাকা ক্লাস্টারের কো-অর্ডিনেটর মাহান উল হক।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও কার্যকর সুশাসন প্রতিষ্ঠায় তরুণ সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নাগরিক অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তারা তরুণদের সংগঠিত হয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
কর্মশালায় অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল রোভার স্কাউট, স্বপ্ন বুনন, হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি, আচিক মিচিক সোসাইটি, ওয়াইএমসিএ, আবিমা কালচারাল একাডেমি, গারো ছাত্র ফেডারেশন, বাগাছাস, আলোকিত মধুপুর, সচেতন মধুপুর গ্রুপ, আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংঘ, আউশনারা ক্লাব, জয়েনশাহী আদিবাসী ফোরাম, মধুপুর হেল্পলাইন, জাঙ্গালিয়া নবদিগন্ত শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি, তরুণ প্রজন্ম সমাজসেবা সংস্থা, নবজাগরণ ফাউন্ডেশন এবং মধুপুর প্রেসক্লাবের প্রতিনিধিরা।
কর্মশালার শেষপর্যায়ে অংশগ্রহণকারী তরুণ সংগঠনের নেতৃবৃন্দ টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে যৌথ শপথ গ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা বলেন, দুর্নীতিবিরোধী আন্দোলনকে টেকসই ও কার্যকর করতে স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন। তরুণদের নেতৃত্বে সামাজিক সচেতনতা ও নাগরিক অংশগ্রহণ বাড়লে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
© All rights reserved © 2023
Leave a Reply