
লিয়াকত হোসেন জনী জেলা প্রতিনিধি(টাংগাইল):
ঐতিহাসিক ও আনন্দঘন পরিবেশে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নারী ক্রিকেট ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারীদের এ ক্রিকেট ম্যাচ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অর্থনীতি বিভাগ এই ম্যাচটির আয়োজন করে।
উক্ত খেলার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো: ফজলুল করীম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম লিটন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: নাজমুস সাদেকীনসহ অন্যান্য বিভাগীয় শিক্ষকবৃন্দ।
২০ এপ্রিল, বুধবার প্রথমবারের মতো আয়োজিত এই ম্যাচটিকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গ্যালারিতে উপস্থিত দর্শকদের মুহুর্মুহু তালি আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ প্রাঙ্গণ।
ম্যাচে অংশগ্রহণকারী দুটি দলই তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে। ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. এবিএম শহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি অত্যন্ত চমৎকার এবং অনুপ্রেরণাদায়ক একটি উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি নারীদের খেলাধুলায় এগিয়ে আসার এই চিত্র ক্যাম্পাসের জেন্ডার সমতা ও ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। আমরা আশা করি প্রতি বছরই এমন আয়োজন করা হবে।
খেলোয়াড়দের একজন অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মাভাবিপ্রবির মাঠে আমরা মেয়েরা ক্রিকেট খেলছি, এটা ভাবতেই অন্যরকম ভালো লাগা কাজ করছে। আশা করি এই ম্যাচ দেখে বিশ্ববিদ্যালয়ের আরও অনেক নারী শিক্ষার্থী মাঠে আসতে অনুপ্রাণিত হবে।
এই ঐতিহাসিক ম্যাচটির সফল সমাপ্তি মাভাবিপ্রবির ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের উন্মোচন করল বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্টেও মাভাবিপ্রবির মেয়েরা অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।
© All rights reserved © 2023
Leave a Reply