
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের অভিযানে ১৮০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) গোপাল চন্দ্র মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রোববার (১৮ মে) সকাল ৯টার দিকে শিবগঞ্জ থানার কিলো-২১ এলাকায় দিবা ডিউটিতে ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌরসভার গোয়ালপাড়া ৫নং ওয়ার্ডের গাজী চেয়ারম্যানের মোড়ে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঢাকা মেট্রো-ড-১১-৯০৭৩ নম্বরের একটি মিনি ট্রাকের চালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করে ৬০ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১৮০০ কেজি পলিথিন ছিল। উদ্ধারকৃত পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ৯৬ হাজার টাকা।
আটক ব্যক্তি হলেন মোঃ মিলন প্রামানিক (৩৯)। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার আতাইকুলা পূর্বপাড়া এলাকার মৃত ফয়জাল প্রামানিকের ছেলে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply