
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্যাকেজভিত্তিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) সকাল ১০ ঘটিকায় পৌরসভা সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রমের গুণগত মান নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তোফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন অর রশীদ প্রমুখ। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধি ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি, কাজের মান ও সময়মতো সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ উন্নয়ন কাজগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
© All rights reserved © 2023
Leave a Reply