
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে মাটিভর্তি একটি ট্রাক্টরসহ একজনকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ।
অভিযানকালে সুন্দরপুর ইউনিয়নের শিবির হাট এলাকা থেকে মাটি পরিবহনরত অবস্থায় একটি ট্রাক্টর আটক করা হয়। এ সময় সদর উপজেলা জয়ন্দীপুর, রামকৃষ্ণপুর গ্রামের মোঃ সোহবুল হকের ছেলে মোঃ সুমন আলী (৪০) কে আটক করে।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, পদ্মা নদীর পাশবর্তী জয়ন্দীপুর এলাকার কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় পরিবহন করছিলেন। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ জানান, জনস্বার্থে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply