
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
মাদকাসক্ত সন্তানদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে অভিভাবক, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে চাঁপাইনবাবগঞ্জে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টা ৩০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এবং “নিউ প্রত্যাশা” বেসরকারি মাদকাসক্তি চিকিৎসা সহায়তা কেন্দ্রের সহযোগিতায় ডিএনসি কনফারেন্স রুমে “সন্তানকে মাদকের অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে অভিভাবক, সমাজ ও প্রশাসনের সম্মিলিত করণীয়” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরী ইমরুল হাসান। সেমিনারে নিরাময় কেন্দ্রে ভর্তি থাকা রোগীদের প্রায় ৬০ জন অভিভাবক অংশগ্রহণ করেন। বক্তারা মাদকাসক্ত রোগীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা, চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন এবং পুনরায় মাদকে জড়িয়ে পড়া প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সন্তানরা সন্ধ্যার পর কোথায় যায় এবং কার সঙ্গে মিশছে—এ বিষয়ে অভিভাবকদের সচেতন নজরদারি থাকতে হবে। তিনি বিশেষ করে কলেজ পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁর মতে, মোবাইল ফোনের অপব্যবহার যুবসমাজকে মাদক, জুয়া ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ধাবিত করছে। তিনি আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটির কার্যক্রম আরও কার্যকর ও সরকারি কাঠামোর আওতায় আনতে প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি চিকিৎসা শেষে মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাসও দেন তিনি। মূল প্রবন্ধে মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব তুলে ধরে অভিভাবকদের দায়িত্ব ও সচেতনতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কয়েকজন অভিভাবক তাদের মাদকাসক্ত সন্তানদের দুর্বিষহ জীবনের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের কান্না উপস্থিত সবাইকে গভীরভাবে নাড়া দেয়। বক্তারা বলেন, মাদক প্রতিরোধে কেবল আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা, পারিবারিক বন্ধন ও মানবিক সহায়তাই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।
© All rights reserved © 2026
Leave a Reply