
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলমান হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে ৯ মে ২০২৬ পর্যন্ত মোট ১ লাখ ৯৯ হাজার ৪৪৩ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় মোট টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৮৯৭ জন। এ পর্যন্ত টিকাদানের জন্য ভ্যাকসিন মজুদ রয়েছে ২ লাখ ১৩ হাজার ৫০০ ডোজ। শুক্রবার (৯ মে) পর্যন্ত একদিনের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ২০ জন এবং এর মধ্যে টিকা পেয়েছে ১ লাখ ৯৯ হাজার ৪৪৩ জন শিশু। এদিকে জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে অদ্যাবধি জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৪ জনে। এর মধ্যে পূর্বে ভর্তি ছিল ৩৬ জন এবং নতুন ভর্তি হয়েছে আরও ১৪ জন। বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী ভর্তি নেই। তবে জেলা সদর হাসপাতালে বর্তমানে ৪৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া জেলায় মোট ২০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের রিপোর্টে হাম পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত সন্দেহজনক ভাবে ৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং অভিভাবকদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে এনে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply