
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮ মে) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি-র সহযোগিতায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এন. এম ওয়াসিম ফিরোজ।
আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা। বক্তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর প্রতিটি কবিতা ও সাহিত্যকর্মে মাটি ও মানবপ্রেমের চেতনা ফুটে উঠেছে। সেই মানবিক চেতনা থেকে নতুন প্রজন্মকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান বক্তারা। তারা আরও বলেন, রবীন্দ্রনাথ গ্রাম উন্নয়নে সমবায় পদ্ধতি চালুর মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
© All rights reserved © 2026
Leave a Reply