
অনলাইন ডেস্ক রিপোর্টঃ
ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে এক কিশোরীর সন্তানের জৈবিক বাবা হিসেবে তার আপন বড় ভাইয়ের ডিএনএ মিলেছে। ফরেনসিক তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ধর্ষণ মামলায় অভিযুক্ত স্থানীয় ইমাম ও মক্তব শিক্ষক মোজাফফর আহমদকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা যায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর স্থানীয় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের জামে মসজিদের ইমাম ও মক্তব শিক্ষক মোজাফফর আহমদের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা হয়। পরে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। প্রায় এক মাস দুই দিন কারাভোগও করেন তিনি।
তদন্তের অংশ হিসেবে সিআইডির ফরেনসিক ল্যাবে ডিএনএ পরীক্ষা করা হলে মোজাফফরের সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি। এরপর পুলিশ নতুন করে তদন্ত শুরু করে। একপর্যায়ে কিশোরী তার বড় ভাই মোরশেদের বিরুদ্ধে অভিযোগ করে।
পরে মোরশেদকে গ্রেফতার করা হলে তিনি আদালতে দেওয়া জবানবন্দিতে অপরাধের কথা স্বীকার করেন। পরবর্তীতে কিশোরী, নবজাতক শিশু ও মোরশেদের ডিএনএ পরীক্ষা করা হলে রিপোর্টে ৯৯.৯৯ শতাংশ মিল পাওয়া যায়। এতে নিশ্চিত হয়, শিশুটির জৈবিক বাবা মোরশেদ।
পুলিশ জানায়, তদন্ত ও ডিএনএ রিপোর্টের ভিত্তিতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে মোজাফফর আহমদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে।
এ ঘটনায় সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন মোজাফফর আহমদ। তিনি বলেন, মিথ্যা অভিযোগে চাকরি হারিয়েছেন এবং মামলার খরচ চালাতে জমিও বিক্রি করতে হয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply