
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নদী অধ্যুষিত চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা সহজলভ্য করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। তাঁর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে চর আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়নের জনগণের জন্য ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে নারায়ণপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এই নৌ-অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন তিনি। আধুনিক সুবিধাসম্পন্ন এই নৌ-অ্যাম্বুলেন্সে জরুরি চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে, যা নদীপথে রোগীদের দ্রুত ও নিরাপদে হাসপাতালে পৌঁছাতে সহায়তা করবে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নদীপথে যোগাযোগ ব্যবস্থা জটিল হয়ে পড়ায় রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া কঠিন হয়ে যায়। অনেক ক্ষেত্রে জরুরি চিকিৎসা না পাওয়ায় প্রাণহানির ঘটনাও ঘটে। এ অবস্থায় নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু হওয়ায় চিকিৎসা সেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে তারা মনে করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মানুষ চিকিৎসা সেবার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। অসুস্থ রোগীকে শহরে নিতে নৌকা ভাড়া করতে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত খরচ হতো, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। এমনকি যাত্রীবাহী নৌকায় রোগী নিতে হলে পুরো নৌকা ভর্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো। এতে অনেক রোগী সময়মতো চিকিৎসা না পেয়ে প্রাণ হারিয়েছেন। তিনি আরও জানান, নৌ-অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, রোগীর বেড, রক্তচাপ মাপার যন্ত্র ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা সহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সুবিধা রাখা হয়েছে। এছাড়া নদীপথ থেকে নামার পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পর্যন্ত রোগী পৌঁছে দেওয়ার জন্য ফ্রি স্থল অ্যাম্বুলেন্স সেবাও চালু থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগের মাধ্যমে অবহেলিত চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আবু বক্কর, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করে এর সফল বাস্তবায়ন কামনা করেছেন।
© All rights reserved © 2026
Leave a Reply