
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা। “ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে এর আনুষ্ঠানিক ভাবে চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি দেশের বিভিন্ন জেলা স্টেডিয়ামে যুক্ত হয়ে এই প্রতিযোগিতার শুভ সূচনা করেন। এসময় তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠার আহ্বান জানান। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এন. এম ওয়াসিম ফিরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সানাউল মোর্শেদ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল এবং ক্রীড়া সংগঠক বদিউজ্জামান বুধুসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে ৬ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে। তারা আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে জেলার তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ সৃষ্টি হবে।
© All rights reserved © 2023
Leave a Reply