
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জ্বালানি তেল পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মেডিকেল মোড় চৌরাস্তায় ভুক্তভোগী সাধারণ জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, গত ২৭ এপ্রিল দিবাগত গভীর রাতে ফলিমারি বিল এলাকায় অবস্থিত হিরো ভাটায় জ্বালানি তেল পাচারের সময় ভোলাহাট থানা পুলিশ একটি তেলবাহী গাড়ি, একটি নসিমন, চারটি ট্রলি ও দুটি চার্জার ভ্যান হাতেনাতে জব্দ করে। তবে ঘটনার পর থেকে মানববন্ধন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, বিএনপি নেতা জোহুরুল হক, গোহালবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি রহমত আলী, উপজেলা শিবিরের সাবেক সভাপতি মাসুদ রানা, সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, কৃষক ইউনুস আলী, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল আজিম, যুবদল নেতা জুবায়ের হাসান, মতিউর রহমান, শিবিরের পশ্চিম শাখার সাবেক সাধারণ সম্পাদক বারিউল ইসলাম ও সভাপতি সালাউদ্দিন আইয়ুবি। উপজেলা শিবিরের সাবেক সভাপতি সোহেল রানার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোহুর আহমেদ দুলাল, ছাত্রদল নেতা আলমগীর হোসেন, খাইরুল সাকিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা তেল পাচারের সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফের ছোট ভাই সাখাওয়াত হোসেন মজু (৪০) এবং পাম্পের ম্যানেজার রিদয় (২৬)-কে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে তিনি নিশ্চিত করেন।
© All rights reserved © 2023
Leave a Reply