
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। উপজেলার ৪ নম্বর বেলকা ইউনিয়নের কিসামত সদর এলাকায় অবস্থিত কিসামত সদর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ২৬ এপ্রিল রাতের ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ে।
মাদ্রাসাটির সুপার সাহাব উদ্দিন শিহাব জানান, চরাঞ্চলের অবহেলিত এই এলাকায় শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় বহু কষ্টে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল। কিন্তু হঠাৎ কালবৈশাখী ঝড়ের আঘাতে পুরো কাঠামো ধসে পড়ে, ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে।
এ বিষয়ে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের পরিশ্রমে নির্মিত এই মাদ্রাসার এমন ক্ষতি অত্যন্ত দুঃখজনক। দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ না হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে মাদ্রাসাটি পুনর্নির্মাণে সরকারি সহায়তা প্রদানের জোর দাবি জানিয়েছেন।
শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
© All rights reserved © 2023
Leave a Reply