
মো. শাহীন আলম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে হৃদয়বিদারক এক দুর্ঘটনায় আড়াই বছরের শিশু আরাফের মৃত্যু হয়েছে। নিহত আরাফ ওই গ্রামের বাবু মিয়ার একমাত্র সন্তান।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাড়ির বারান্দায় খেলছিল ছোট্ট আরাফ। পরিবারের অগোচরে হঠাৎ সে ঢেকে রাখা ডিজেলভর্তি একটি কাটা প্লাস্টিকের ড্রামের মধ্যে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকের ট্যাংকি থেকে নামানো প্রায় ৫০ লিটার ডিজেল ওই ড্রামে সংরক্ষণ করে রাখা হয়েছিল।
অসাবধানতাবশত ড্রামে পড়ে গিয়ে শিশু আরাফ ডিজেল পান করে ফেলে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বুধবার (২২ এপ্রিল) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু আরাফের।
ঘটনার বিবরণে জানা যায়, বাবু মিয়ার পরিবারের একটি ট্রাক রয়েছে, যার ডিজেল ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় মেরামতের জন্য ট্যাংকির তেল বাড়ির বারান্দায় একটি কাটা ড্রামে সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেই ড্রামটি ঢেকে রাখা থাকলেও খেলতে খেলতে শিশুটি তাতে পড়ে যায় এবং মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার সকালে শিশুটির মরদেহ বাড়িতে পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
সামান্য অসতর্কতাই ডেকে আনলো এমন মর্মান্তিক পরিণতি।
© All rights reserved © 2023
Leave a Reply