
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ) সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজের নূর মোহাম্মদ খান মিলনায়তনে ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। নবাবগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (ইতিহাস) ও বিএনসিসির পিইউও মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ফাহিমা খাতুন। এতে মাদকবিরোধী প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং তরুণদের সচেতন হওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য একটি বড় হুমকি। যুব সমাজকে এই ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা গড়ে তুলতে হবে এবং প্রতিরোধে এগিয়ে আসতে হবে। সভায় শিক্ষক, শিক্ষার্থী ও বিএনসিসির ক্যাডেটরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply