
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ
দীর্ঘ প্রায় ৪০ দিনের সংঘাতের পর সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই পরিস্থিতিতে চলমান উত্তেজনা নিরসনে দুই দেশের প্রতিনিধিদের আলোচনায় বসতে পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে সম্ভাব্য এই সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি।
এক বিবৃতিতে শেহবাজ শরিফ যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি ইতিবাচক পদক্ষেপ, যা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে বিরোধের স্থায়ী সমাধানের পথ বের হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে সংঘাত শুরু হয়। পরে কূটনৈতিক তৎপরতায় ১৫ দিনের জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় সংশ্লিষ্ট পক্ষগুলো।
এই প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। পাশাপাশি মিসর ও তুরস্কও আলোচনায় সম্পৃক্ত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একাধিক প্রস্তাব দেওয়া হলেও তাৎক্ষণিক সমাধান পাওয়া যায়নি।
তবে সাম্প্রতিক যুদ্ধবিরতির সিদ্ধান্তকে ঘিরে নতুন করে সংলাপের সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে আয়োজিত সম্ভাব্য এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
© All rights reserved © 2023
Leave a Reply