
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেছে। একই অভিযানে লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা এবং সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ওইসব এলাকায় ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ লঙ্ঘনের দায়ে দোষীদের ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযানের অংশ হিসেবে ইশা ফিলিং ও দিদার ফিলিং স্টেশন এলাকায় তল্লাশি চালানো হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেল চালানোর অপরাধে বেশ কিছু যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।
অভিযান শেষে ইউএনও কাজী নাহিদ ইভা সংবাদিকদের জানান, “জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
অভিযান চলাকালে থানা পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তারা জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।
© All rights reserved © 2023
Leave a Reply