
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে হাম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সহায়তায় ২ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমানের নিকট এসব ক্যাপসুল তুলে দেন এনডিএফের জেলা সভাপতি ডা. এ.কে.এম মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন এনডিএফের জেলা সদস্য সচিব ও জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান। এনডিএফের জেলা সভাপতি ডা. এ.কে.এম মহিউদ্দিন জানান, জেলায় হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এনডিএফের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিদিন বিপুল সংখ্যক শিশু চিকিৎসা নিতে জেলা হাসপাতালে ভিড় করছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
© All rights reserved © 2026
Leave a Reply