
বাকেরগঞ্জ প্রতিনিধি : মোঃসানি
বরিশালের বাকেরগঞ্জে সত্য ঘটনা তুলে ধরে সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকার ও বিজয় টিভির প্রতিনিধি মো: জিয়াউল হক আকনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিক জিয়াউল হক আকন দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতির দায়িত্ব রয়েছেন।
জানা গেছে, সম্প্রতি বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবিরের উপর হামলা ঘটনার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুসন্ধানমূলক সংবাদ প্রকাশ করেন জিয়াউল হক আকন। সংবাদটি প্রকাশের পর একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তার ব্যক্তিগত সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সাংবাদিক জিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন এবং সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের চেষ্টা করেছেন। কিন্তু একটি মহল নিজেদের অপকর্ম আড়াল করতে তাকে উদ্দেশ্য করে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছি। সংবাদ প্রকাশের কারণে আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এদিকে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করতে এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত এ ধরনের অপপ্রচার বন্ধ করে সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
© All rights reserved © 2023
Leave a Reply