
🟠 প্রতিবেদক: মো. রাইয়ান
নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন জলঢাকার গৃহবধূ মোছা. রুপা (২৯) এবং ডিমলার যুবক মানিক মিয়া (১৮)।
জানা গেছে, বুধবার (১৮ জুন) গভীর রাতে জলঢাকা পৌরসভার উত্তর কাজীরহাট এলাকার নিজ বাড়ি থেকে গৃহবধূ মোছা. রুপার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি পৌরসভা এলাকার সুমন ইসলামের স্ত্রী। রাত আনুমানিক ২টার দিকে পরিবারের সদস্যদের নজরে এলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।”
অন্যদিকে, একই দিন দুপুরে ডিমলা উপজেলার ডাঙ্গারহাট এলাকায় মানিক মিয়া (১৮) নামে এক যুবক স্টিলব্রিজ থেকে চলন্ত একটি ট্রাকের ওপর ঝাঁপ দেন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মানিক মিয়া উপজেলার রুপাহারা গ্রামের রাজু ইসলামের ছেলে।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। তবে আসল কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
পুলিশ উভয় ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
© All rights reserved © 2026
Leave a Reply